মালদা

দুস্কৃতিদের হামলায় আক্রান্ত রেল কর্মী। ছুরি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয় তাঁকে

এবার আক্রান্ত এক রেল কর্মীকে। তোলা দিতে অস্বীকার করায় প্রকাশ্যে ভর সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতিরা আঘাত করল সিজে রাও নামে এক রেল কর্মীকে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এই রেল কর্মী মালদা রেল হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা এলাকার জনবহুল রাস্তা এবিগনিখান চৌধুরী রোডে। মালদা স্টেশন সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্কিত রেল কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে দুষ্কৃতিরা কেউ গ্রেপ্তার হয় নি এখনও।

তিনি জানান, হরিরামতলায় ভাড়া থাকাকালীন স্থানীয় এক দুস্কৃতির সঙ্গে তার বিরোধ হয়। ওই দুস্কৃতির নাম অপু দে। এরপর থানায় অভিযোগ জানানোর পর বেশ কিছু দিন চুপচাপ ছিল সে। পরবর্তীতে তিনি কোয়াটারে চলে যাওয়ার পর সেই ঝামেলা কিছুটা কমলেও পুরপুরি বন্ধ হয়নি। তিনি আরও জানান, শুক্রবার সন্ধায় তিনি ঝলঝলিয়া মার্কেটে বাজার করতে যান। সেখান থেকে উত্তর সর্বমঙ্গলাপ্ললিতে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন। বন্ধুর বাড়ি থেকে বেরোতেই বড় একটি ছুরি নিয়ে তার উপর হামলা চালায় অপু। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অপু স্থানীয়দের গুলি করে দেওয়ার হুমকি দেয়। এতে কয়েক মুহূর্তের জন্য মানুষ জন ভয় পেলেও পর মুহূর্তে তাঁরা তাঁকে বাঁচাতে ছুটে যান। সেখান থেকে পালিয়ে যায় অপু।

            স্থানীয়রা আক্রান্ত ওই রেল কর্মীকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করেন। তাঁর পেট, বুক, কান, হাত, সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত লেগেছে। আঘাত প্রাপ্ত জায়গায় ৪২ টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে তিনি সঙ্কট মুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।